রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে আনিস (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেকজন। তবে তার পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ক্যান্টনমেন্ট এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই ব্যক্তি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে আনিস নামের যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে আনিসের মৃত্যু হয়।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, বিষয়টি শুনেছি। খোঁজখবর নেয়া হচ্ছে। নিহত আনিসের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকায়।
