সাইকেল গ্যারেজের এক মাসের বিদ্যুৎ বিল কোটি টাকা!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ২১:২৬
 
রাজশাহীতে একটি সাইকেল মেরামতের দোকানের মাসিক বিদ্যুৎ বিল দেয়া হয়েছে এক কোটি ছয় লাখ ২৪ টাকা! নগরীর ‘মতিহার সাইকেল গ্যারেজ’ নামের দোকানে মঙ্গলবার সকালে আগস্ট মাসের ওই বিলটি দেয়া হয়। 
 
এদিকে ভুতুড়ে বিলের বিষয়টি জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বিলটি দেখার জন্য আইয়ুবের দোকানে ভিড় করেন। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, ভুলবশত: হিসাবের গড়মিল থেকে এমনটি হয়েছে। অফিসে বিলটি জমা দিলেই তা ঠিক করে দেয়া হবে।
 
গ্যারেজের মালিক আইয়ুব আলী জানান, প্রতিমাসে তার ১৭০০ থেকে ১৮০০ টাকা বিদ্যুৎ বিল আসে। কিন্তু গত জুন মাসে হঠাৎ তা বেড়ে হয় ২ হাজার ৬০০ টাকা। কিন্তু জুলাই আসে তা অনেক কমে হয় ১৪২ টাকা। বিলটি হাতে পেয়ে তিনি রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মিটার রিডার খোশ মোহাম্মদকে মোবাইলে বিষয়টি জানান। পরে খোশ মোহাম্মদ তার কাছে এসে জুন মাসের বিলটি নিয়ে যান এবং আগস্ট মাসের বিলের সঙ্গে সমন্বয় করে নতুন বিল দেয়ার কথা বলে যান। মঙ্গলবার সকালে আগস্ট মাসের সংশোধিত বিল দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিলের কপি হাতে পেয়ে টাকার অঙ্ক দেখে আয়ুব আলী হতবাক হয়ে যান। এতে দেখা যায় বর্তমান ইউনিট ৪ হাজার ৯৭৫ এবং পূর্বের ইউনিট ৫ হাজার ১৪৫। মোট ব্যবহৃত ইউনিট ১৭০-এর পরিবর্তে লেখা হয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৮৩০ ইউনিট। ফলে আগস্ট মাসের বিল গিয়ে দাঁড়ায় এক কোটি ছয় লাখ ২৪ টাকা।
 
এ বিষয়ে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাজুির রহমান বলেন,  বিষয়টি তিনি জানেন না। যদি এ ধরনের কোনো ভুল হয়ে থাকলে বিলটি অফিসের নিয়ে আনলেই সংশোধন করে দেয়া হবে।