বাংলাদেশের মোকাবেলায় আটঘাট বেঁধেই প্রস্তুতিতে নেমেছে এশিয়ান ফুটবল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গতকাল মঙ্গলবার পার্থের নিব স্টেডিয়ামে শত শত সমর্থকের সমনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে স্বাগতিকরা। আগামীকাল বৃহস্পতিবার নিজেদের মাঠে অনুষ্ঠেয় খেলাটির প্রাক্কালে প্লে-মেকার টম রজিক এসে দলে যোগ দেয়ায় উজ্জীবিত দলের অপর তারকা মিডফিল্ডার ম্যাসিমো লুওনগো। এছাড়াও জার্মানির বুন্দেশলিগায় চোখ ধাঁধানো গোল করে এসে পার্থের অনুশীলনে যোগ দিয়েছেন উইঙ্গার ম্যাথু লেকি।
অস্ট্রেলিয়া দল গত সোমবার ১০ জন নিয়ে প্রথম অনুশীলন শুরু করে। সকারুজ নামে অভিহিত দলটির ওয়েবসাইটে জানানো হয় গতকালকের অনুশীলনে ছিল ২২ জন। গত রাতে এসে যোগ দেয়ার কথা অপরজন ইতালির ল্যাজিওর ক্রিস ইকোনোমিদিসের। অস্ট্রেলিয়া এ বছরের জানুয়ারিতে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম আবার নিজেদের মাটিতে খেলতে যাচ্ছে।
উইঙ্গার ম্যাথু লেকি এ প্রসঙ্গে বলেন, ‘নিজেদের মাঠে আমাদের দাপুটে হওয়ার পাশাপাশি খেলাটির নিয়ন্ত্রণ নিয়ে ভাল খেলতে হবে। এমনটাই পরিকল্পনা। সমর্থকরা আমাদের দেখতে আসছে। তাই আমাদেরও ভাল নৈপুণ্য দেখাতে হবে। সর্বশেষ আমরা অস্ট্রেলিয়ায় খেলেছি এশিয়ান কাপে, সমর্থকদের সামনে খেলতে আমরা ভালোবাসি। কাজেই আমরা এর জন্য মুখিয়ে আছি।’
দারুণ ফর্মে রয়েছেন লেকি। এ মৌসুমেই বুন্দেশলিগায় যোগ দেয়া উইঙ্গারটি তার ক্লাব ইনগলস্ট্যাডের সর্বশেষ জয়ে বাঁপায়ের কড়া শটে একমাত্র গোলটি করেন। যদিও সকারুজদের অন্যতম প্রধান খেলোয়াড় হওয়া সত্ত্বেও গত ১৮ মাসে জাতীয় দলের হয়ে ২৪ খেলায় তার গোল কেবল একটি।
এদিকে লুওনগো জানান, রজিকের উপস্থিতি আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে দলের শক্তি বাড়াবে। ইংলিশ ক্লাব কুইন্স পার্ক র্যাঞ্জার্সের (কিউপিআর) তারকা খেলোয়াড় লুওনগো ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার সর্বশেষ ম্যাচটি খেলতে পারেননি। কিরঘিস্তানের বিপক্ষে ওই খেলায় ২-১ গোলে জিতেছিল কোচ পোস্তেকগলুর দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের দলে ফিরছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
