গুয়াতেমালার এক বিচারক মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ওতো পেরেজের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রেসিডেন্ট হিসেবে যে কোনো অভিযোগ থেকে পাওয়া দায়মুক্তি রহিত হওয়ার কয়েক ঘন্টা পর পেরেজের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়া হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ কথা জানান। তার বিরুদ্ধে শুল্ক খাতে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা টুইটারে বলেন, ‘প্রসিকিউটর্স অফিস থেকে প্রেসিডেন্ট ওতো পেরেজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হলে বিচারক মিগুয়েল অ্যাঞ্জেল গ্লাভেজ এ নির্দেশ দেন।’
পেরেজকে দায়মুক্তি থেকে অব্যাহতি দেয়ার ফলে কয়েকশ কোটি ডলারের দুর্নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পেরেজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত চালানোর পথে আর কোনো বাঁধা রইল না।
-এএফপি
