গ্রিসের মূল ভূখণ্ডে চার হাজারেরও বেশি অভিবাসী পৌঁছেছে। লেসবস দ্বীপ থেকে দুটি জাহাজে করে চার হাজার ২০০ অভিবাসীকে পিরাউস বন্দরে আনা হয়েছে। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসসহ পুরো ইউরোপ অভিবাসীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে একটি স্টেশনের পাশে কয়েক হাজার অভিবাসীকে আটকে দেয়া হয়েছে। এসব অভিবাসীদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রাচ্যের নাগরিক।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা ফ্রনটেক্স জানিয়েছে, শুধু গত এক সপ্তাহে ২৩ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছেছে, যা তার আগের সপ্তাহের চেয়ে দ্বিগুণ।
চলতি বছরের গত কয়েক মাসে গ্রিসে এক লাখ ৬০ হাজার অভিবাসী এসেছে, যা ২০১৪ সালে গ্রিসে আসা মোট অভিবাসীর চেয়ে বেশি।
গ্রিক সরকার বলছে, এই বিপুল পরিমাণ অভিবাসীর চাপ সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই। কিন্তু অধিকারকর্মীরা বলছে, অভিবাসীদের রক্ষায় সরকারের আরো বেশি উদ্যোগী হওয়া উচিত।
