পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৮


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পেশোয়ারের উপকণ্ঠে বুধবার একটি বাড়িতে পুলিশের সাথে সশস্ত্র ব্যক্তিদের বন্দুকযুদ্ধে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন।

নিহতদের মধ্যে তিনজন পুলিশ ও একজন বন্দুকধারী রয়েছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা মিয়ান সাঈদ বার্তা সংস্থা এএফপিকে জানান, উরমার পয়ান গ্রামে বিভিন্ন বাড়িতে পুলিশের অভিযান চালানোর সময় বন্দুকধারীরা গুলি বর্ষণ করলে সেখানে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং তা আধা ঘণ্টারও বেশী সময় ধরে চলে।

সাঈদ বলেন, সেখানে গুলি বিনিময়ের ঘটনায় তিনজন পুলিশ নিহত ও আটজন আহত হয়েছে। বন্দুকযুদ্ধের এ ঘটনায় এক হামলাকারী নিহত হলেও অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।

তবে সেখানে হামলা চালানো বন্দুকধারীরা জঙ্গি গোষ্ঠী, না অপরাধী চক্রের সদস্য তা এখনো স্পষ্ট না। যদিও তালেবানরা পেশোয়ারে বারবার হামলা চালিয়ে আসছে।

ঐ পুলিশ কর্মকর্তা জানান, হতাহত হওয়া সত্ত্বেও পুলিশ বন্দুকধারীদের সাহসিকতার সাথে মোকাবেলা করে এবং এক পর্যায়ে বন্দুকধারীরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
হামলাকারীরা গ্রেনেড ও মর্টার ব্যবহার করেছে বলে জানান তিনি। পরে পুলিশ ওই বাড়ি থেকে মর্টার শেল ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

পেশোয়ার পুলিশ প্রধান বন্দুকযুদ্ধ ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।