বাগদাদে কমপক্ষে ১৭ তুর্কী অপহৃত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০০

ইরাকের রাজধানীর উত্তরাঞ্চলের সদর সিটিতে বুধবার একটি ফুটবল স্টেডিয়াম তৈরির কাজে নিয়োজিত এক কোম্পানির ১৭ কর্মচারীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। অপহৃতরা সবাই তুরস্কের নাগরিক। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশের এক কর্নেলের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কালো পোশাক পরা বন্দুকধারীরা তুরস্কের ১৭ নাগরিককে অপহরণ করে কয়েকটি পিকআপ ট্রাকে করে নিয়ে যায়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ১৮ জনকে অপহরণ করা হয়েছে। পুলিশের কর্নেল বলেন, অপহৃতদের মধ্যে তিন প্রকৌশলী, প্রশাসনিক বিভাগের কর্মী ও শ্রমিকরা রয়েছেন।

তবে অপহৃত কর্মচারীরা কোন কোম্পানির তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি কোন কর্মকর্তা। তবে তুরস্কের নুরল ওয়েবসাইট জানিয়েছে, ৩০ হাজার আসন বিশিষ্ট সদর সিটি স্টেডিয়াম নির্মাণের দায়িত্ব ছিল ওই কোম্পানির। এছাড়া প্রশিক্ষণের জন্য কয়েকটি মাঠ ও একটি হোটেলও নির্মাণ প্রকল্পের আওতায় ছিল।

অপহরণকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাগদাদে মুক্তিপণের জন্য অপহরণ একটা নৈমিত্তিক ঘটনা। আর সদর সিটি থেকে তুর্কী নাগরিক অপহরণের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত সরকারপন্থী শিয়া মিলিশিয়াদের শক্ত ঘাঁটি হল সদর সিটি।