ট্রান্সফার ব্যয়ে রেকর্ড গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগ। এক বর্ষ পঞ্জীতে দলবদলের বাজারে প্রথমবারের মত তারা খরচ করল এক বিলিয়ন পাউন্ড! বাণিজ্যিক প্রতিষ্ঠান ডেলোয়েটের পর্যবেক্ষনে এমন তথ্য উঠে এসেছে।
এবারের লিগের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে। নতুন রেকর্ড অনুযায়ী এবারের দলবদলে প্রিমিয়ার লিগের দলগুলো ৮৭০ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। গত বছর এর পরিমান ছিল ৮৩৫ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ এবার প্রায় চার শতাংশ ব্যয় বৃদ্ধি হয়েছে। জানুয়ারির শীতকালীন মার্কেটে ক্লাবগুলো ১৩০ মিলিয়ন পাউন্ড খরচ করায় দুই উইন্ডো মিলিয়ে এই পরিমান ১ বিলিয়ন পাউন্ড অতিক্রম করেছে। দলবদলের বাজারে একটি লিগে এর আগে বিশ্বের কোথাও এই পরিমান অর্থ খরচ হয়নি।
স্পোর্টস বিসনেজ গ্রুপ ডেলোয়েটের সিনিয়ন ম্যানেজার অ্যালেক্স থর্প জানিয়েছেন, আয়ের দিক থেকে বিশ্বের ৪০টি শীর্ষ ক্লাবের মধ্যে অবস্থান করছে প্রিমিয়ার লীগের ২০টি ক্লাব। এবারের গ্রীষ্মে ইংল্যান্ডের বাইরে থেকে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের দলে নিতে ক্লাবগুলো অর্ধ বিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় করেছে। গ্রীষ্মকালীন ট্রান্সফার বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো যে পরিমান অর্থ ব্যয় করেছে তা অন্যান্য ইউরোপিয়ান লিগের দ্বিগুনেরও বেশি। লিগের সম্প্রচার স্বত্বের কারণেই এই পরিমান অর্থলগ্নি হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
দলবদলের শেষ দিনে মোনাকোর তরুণ অ্যান্থনি মার্শালকে ৯০ মিলিয়ন পাউন্ডে দলভূক্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে বেশি খরচ করেছে ইউনাইটেডের প্রতিবেশী ম্যানচেস্টার সিটি। প্রায় ১৬০ মিলিয়ন ব্যয়ে তারা দলে ভিড়িয়েছে রাহিম স্টার্লিং, নিকোলাস ওটামেন্ডি ও কেভিন ডি ব্রুয়েনের মত তারকাদের।
চ্যাম্পিয়নস লীগে অংশগ্রহণকারী চারটি দল সিটি, ইউনাইটেড, চেলসি ও আর্সেনাল মিলে সর্বমোট ৩৪০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে যা প্রিমিয়ার লীগের মোট দলবদলের ৪০ শতাংশ।
প্রিমিয়ার লীগের পরেই দলবদলের বাজারে এগিয়ে রয়েছে ইতালিয়ান সিরি'আ। তাদের খরচ হয়েছে মোট ৪০৫ মিলিয়ন পাউন্ড। লা লিগায় এর পরিমান ৪০০ মিলিয়ন পাউন্ড, বুন্দেসলিগা ও লীগ ওয়ানে ব্যয় হয়েছে যথাক্রমে ২৯০ মিলিয়ন পাউন্ড ও ২২০ মিলিয়ন পাউন্ড।
