ইরাকের রাজধানীর উত্তরাঞ্চলে বুধবার একটি ফুটবল স্টেডিয়াম তৈরির কাজে নিয়োজিত এক কোম্পানির ১৭ কর্মচারীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। অপহৃতরা সবাই তুরস্কের নাগরিক।
পুলিশের এক কর্নেল জানান, সেনাবাহিনীর পোশাক পরা বন্দুকধারীরা তুরস্কের ১৭ নাগরিককে অপহরণ করে কয়েকটি পিকআপ ট্রাকে করে নিয়ে যায়। তবে অপহৃতের সংখ্যা ১৮ বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জন কর্মকর্তা।
পুলিশের কর্নেল বলেন, অপহৃতদের মধ্যে তিন প্রকৌশলী, প্রশাসনিক বিভাগের কর্মী ও শ্রমিকরা রয়েছেন। অপহরণকারীদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
বাগদাদে মুক্তিপণের জন্য অপহরণ একটা নৈমিত্তিক ঘটনা। আর সদর সিটি থেকে তুর্কী নাগরিক অপহরণের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত সরকারপন্থী শিয়া মিলিশিয়াদের শক্ত ঘাঁটি হল সদর সিটি। সূত্র: রয়টার্স, এএফপি
