সীমান্ত উত্তেজনা প্রশমনে করা চুক্তিকে দক্ষিণ কোরিয়া জটিল করে তুলছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। সীমান্তে স্থল-মাইন বিস্ফোরণের ঘটনায় পিয়ংইয়ংকে ক্ষমা চাইতে বলায় সম্প্রতি স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তিটি গুরুত্বহীন হয়ে পড়ছে বলেও সতর্ক করেছে পিয়ংইয়ং।
গত মাসে ওই মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সৈন্য বিকলাঙ্গ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই কোরিয়ার মধ্যে সীমান্ত বরাবর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনে গত সপ্তাহে তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে ব্যাপক আলোচনার পর চুক্তিতে উপনীত হয় দুপক্ষ। ওই চুক্তির আওতায় উভয় পক্ষ সরকারি পর্যায়ে একটি সংলাপ শুরুর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে পিয়ংইয়ংয়ের শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কমিশনের (এনডিসি) মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়া চুক্তিটিকে পেঁচিয়ে ফেলছে এবং স্থল-মাইন বিস্ফোরণের ঘটনায় উত্তর কোরিয়াকে ক্ষমা চাইতে বলছে।
ছয় দফার এ চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া ওই বিস্ফোরণের ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করে। তবে এনডিসি মুখপাত্র জানান, পিয়ংইয়ং কেবল ওই ঘটনায় আহতদের জন্যে শোক প্রকাশ করেছে।
ওই মুখপাত্র সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে শান্তি চুক্তির পর যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া পরিচালনা করায় দক্ষিণ কোরিয়ার সমালোচনা করে। সূত্র: এএফপি
