ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫৪

ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের জামতলা বাজার নামক এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে ৬০ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাসপাতালে নেয়ার পর পাঁচ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ২জন পুরুষ ও ৩ জন নারী। এর হলেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের হাবিব শেখ (৪০), নগরকান্দা উপজেলার সীমা (২৫), ফরিদপুরের করুণা দত্ত (৩৫) ও ফরিদপুরের ভাঙা উপজেলার বিলকিস বেগম (৩২)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
 
হাসপাতাল সূত্র জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আছে আরো অন্তত ১০ জন। অনেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। এই মুহূর্তে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ৬০ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
 
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, বিকেল ৩ টার দিকে টেকেরহাট থেকে ফরিদপুরগামী রাব্বী ট্রাভেলস এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মৃধা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
 
বাস দুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালকদ্বয় আহতদের মধ্যে রয়েছেন নাকি পলাতক সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। এই ঘটনায় হাইওয়ে পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।