ডব্লিউএইচও’র গাইডলাইন অনুযায়ী কোনো এলাকায় বায়ু দূষণের মাত্রা ৩০০ এর উপরে উঠলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেখানে ‘হেলথ অ্যালার্ট’ জারির সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তাছাড়া সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে পরিবেশ দূষণ হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সমন্বয় সভা আহ্বানেরও সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, জাফর আলম ও রেজাউল করিম বাবলু।
