গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জলাশয়ের ইজারার টেন্ডার ফেলা নিয়ে বুধবার দুপুরে আওয়ামী লীগের দুইপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮১ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি জলাশয়ের ইজারার টেন্ডার ফেলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেন্ডার বাক্স রাখা ছিল। সেই বাক্সে টেন্ডার ফেলা নিয়ে আওয়ামী লীগের গোবিন্দগঞ্জ আসনের বর্তমান এমপি মনোয়ার হোসেন চৌধুরীর সমর্থক শাহীন মিয়ার সাথে সাবেক এমপি আবুল কালাম আজাদের সমর্থক রাজু আহমেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে দুপুরের দিকে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত তিনজন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
শাহীন মিয়া অভিযোগ করে বলেন, আমি মত্স্যজীবী সমিতির পক্ষে সিডিউল ড্রপ করতে গেলে অন্য মত্স্যজীবী সমিতির পক্ষে সিডিউল ফেলতে আসা রাজু, সোবহানরা আমাকে বাধা দেয়। তবে এ অভিযোগ অস্বীকার করে রাজু আহমেদ বলেন, সাপমারা মত্স্যজীবী সমিতির পক্ষে আমি সিডিউল ফেলতে গেলে শাহীন মিয়া আমার হাত থেকে কাগজ কেড়ে নেয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮১ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
