গুয়াতেমালার প্রেসিডেন্ট ওতো পেরেজ মলিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওতো পেরেজের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির পরিকল্পনার অভিযোগের ভিত্তিতে বুধবার এক বিচারক এই পরোয়ানা জারি করেন।
প্রেসিডেন্ট হিসেবে তিনি যে দায়মুক্তি পেতেন তা প্রত্যাহার করে নেয়ার একদিন পর এই পরোয়ানা জারি করা হলো। একই সঙ্গে তার দেশ ত্যাগ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসিকিউটর অফিসের নারী মুখপাত্র জুলিয়া বারেরা বলেন, মিগুয়েল অ্যাঞ্জেল গ্লাভেজ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
