রাজধানীর বনানীর লেকে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর সোহাগের (১৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বুধবার দুপুর একটার দিকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে বনানীর ১১ নম্বর রোডের আনসার ক্যাম্প এলাকা সংলগ্ন লেকে পড়ে নিখোঁজ হয় সোহাগ।
কড়াইল বস্তির কয়েকজন বাসিন্দা বলেন, সোহাগ ভাঙারি কুড়িয়ে বিক্রি করত। এছাড়া সব ধরণের নেশা করত। ঘটনার দিন বন্ধুদের সঙ্গে নেশা করছিল সে। কারো উপস্থিতি
টের পেয়ে সবাই পালিয়ে গেলেও সোহাগ লেকে ঝাপ দেয়। সোহাগের বাবার নাম শরিফুল ইসলাম। তারা কড়াইল বস্তির জামাই বাজারে থাকেন। গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায়।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও সোহাগের কোন খোঁজ পায়নি। পরে মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু হয়ে দিনব্যপী চলে। কিন্তু ওইদিনও কোন খোঁজ না পেয়ে সন্ধ্যার দিকে অভিযান স্থগিত করা হয়। গতকাল সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে দুপুর একটার দিকে সোহাগের লাশ পাওয়া যায়।
