চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ শুরু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫৫

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে মালবাহী একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হলে ওই দু’টি রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রেলওয়ে যান্ত্রিক বিভাগের মিস্ত্রি মো. আমির হোসেন বলেন, ৮০৫ নম্বর কন্টেইনারবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ১০ থেকে ১২ কিলোমিটার গতিতে সাত নম্বর রেললাইনে ঢুকছিল। তিনি রেললাইনের পাশে বসে ট্রেনের নিচের প্রয়োজনীয় যন্ত্রাংশ ঠিক আছে কিনা দেখছিলেন। হঠাৎ ইঞ্জিন থেকে তিনটা বগির পর একটি বগি উল্টে যায়। তারপর বিকট শব্দ হয়ে একের পর এক করে আরও চারটি বগি লাইনচ্যুত হয়। এই জায়গাটি দিয়ে মানুষ চলাচল করলেও ওই সময় কেউ ছিলেন না।

আখাউড়া রেলজংশনের সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ১৫ কিলোমিটার গতিতে ওই লাইনে ট্রেন চলাচল করতে পারে। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, কসবার ইমামবাড়ী থেকে ৯৫১ নম্বরের তেলবাহী আরেকটি ট্রেনের ইঞ্জিন গিয়ে লাইনে থাকা বগিগুলো সরিয়ে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।