গণপিটুনিতে তিন খুন: ছয়জন দুইদিনের রিমান্ডে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩২

পাবনা জেলার সাঁথিয়ায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় আটক ছয়জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক একেএম রওশন জাহান উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, ঘটনার সময় মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ দেখে গত ৩০ আগস্ট জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের কালু সরদারের ছেলে খোকন সরদার (৩২), আনছার মোল্লার ছেলে আহসান হাবীব আছান (২৫), করমজা নিশিপাড়া গ্রামের অঞ্জন দাশের ছেলে সুজন দাশ (১৮), নরেন চন্দ্র দাশের ছেলে বৃষ্ণ চন্দ্র ওরফে বিশু চন্দ্র দাশ (২৭), মৃত গীরিশ চন্দ্র দাশের ছেলে লিটন দাশ (২০) ও পৌর সদরের দত্তকান্দি মহল্লার রাজু প্রামানিকের ছেলে আবু বক্কার সিদ্দিক (১৬)।

তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ছয়জনের প্রত্যেককে দুইদিনের রিমান্ড মঞ্জুর এবং জামিন আবেদন নাকচ করেন। এ সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা চতুরহাট এলাকায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হন।