হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, ইউরোপে যে অভিবাসন সংকট চলছে তা 'জার্মানির সমস্যা'। কারণ ইউরোপীয় ইউনিয়নে যে অভিবাসীরা ঢুকছে তারা জার্মানিতে যেতে চান।
তিনি বলেন, অভিবাসন প্রত্যাশীদের তালিকাভুক্ত না করা পর্যন্ত তাদেরকে হাঙ্গেরি ছাড়ার অনুমতি দেয়া হবে না। দেশটির রাজধানীর একটি রেল স্টেশন অভিবাসীদের জন্য খুলে দেয়ার পর এ কথা বললেন ভিক্টর ওরবান।
এর আগে দুই দিন ধরে স্টেশনটিতে অভিবাসীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। বুদাপেস্টের এই স্টেশনটি থেকে জার্মানিগামী ট্রেন ছাড়ে।
অভিবাসীদের নিয়ে একটি ট্রেন ছাড়লেও একটি রিসেপশন সেন্টারে ট্রেনটিকে আটকে দেয় কর্তৃপক্ষ। সেখানে পুলিশ ট্রেন থেকে অভিবাসন প্রত্যাশীদের নামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এসময় তারা 'জার্মানি, জার্মানি' বলে স্লোগান দেন।
ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী অভিবাসন প্রত্যাশীরা প্রথমে যে দেশে পৌঁছবেন, সেখানেই তাদেরকে তালিকাভুক্ত করতে হবে। তবে এই অভিবাসন প্রত্যাশীরা হাঙ্গেরিতে আশ্রয় চাইতে অস্বীকার করেছে। তাদের ইচ্ছা জার্মানিতে গিয়েই তারা আশ্রয়ের জন্য আনুষ্ঠানিক আবেদন জানাবেন। সূত্র: বিবিসি
