চিকিৎসার জন্য অঞ্জন কুমার দে’কে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৯:১২

দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় মারাত্মকভাবে দগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে’র উন্নততর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, এনডিসি বুধবার প্রধানমন্ত্রীর পক্ষে চেকটি হস্তান্তর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

এতে বলা হয়েছে, অঞ্জন কুমার দে’র পক্ষে চেকটি গ্রহণ করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব আমিনুল ইসলাম ভূইয়া, সাবেক সচিব খোন্দকার মো: আসাদুজ্জামান এবং উপ-সচিব শরিফ মো: মাসুদ।

উল্লেখ্য, অঞ্জন কুমার দে গত ২ জুন ২০১৫ তারিখ দিবাগত রাতে ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা এলাকায় চলন্ত বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় মারাত্মকভাবে দগ্ধ হন। গত ৩ মাস যাবত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ব্যাপকভাবে দগ্ধ হয়েছে। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা এবং সকলের আর্শীবাদে জীবন রক্ষা পেলেও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।