বাগেরহাটে যুবলীগ নেতা খুন, আটক ১

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৪৮
বাগেরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। সোহাগ শহরের বাসাবাটি এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে।
 
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পুলিশ সোহাগের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
 
বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে শহরের বাসাবাটি সার্বজনীন পূজা মন্দিরের সামনের রাস্তার ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে  খুলনা মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি বাগেরহাট পৌর যুবলীগের ৮ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
 
পুলিশ জানায়, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শহরের হাড়িখালী এলাকা থেকে দুলাল আকন (৩২) নামে এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি ওই এলাকার শাজাহান আকনের ছেলে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকাভিত্তিক রাজনীতির অভ্যন্তরীণ কোন্দল, ভাড়া চালিত মোটরসাইকেল থেকে চাঁদা আদায় এবং একটি মুঠোফোন নিয়ে সোহাগের সঙ্গে জনৈক শাওনের বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে। এসব তথ্যের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।