‘অনিবার্য কারণে’ আজ শপথ নিচ্ছেন না মোকাব্বির

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২২:৫৪

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মোকাব্বির খান (সিলেট-২) আজ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না। শেষ মুহূর্তে মত পাল্টে শপথ গ্রহণ না করার কথা জানিয়ে গতকাল বুধবার মোকাব্বির ইত্তেফাককে বলেন, ‘দলের সিদ্ধান্ত হয়েছে-আমি এখন শপথ নেব না, দলের ভেতরে আলোচনা করে শপথের পরবর্তী তারিখ ঠিক করা হবে। কারণ শপথ নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে।’

তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সংসদ সদস্য (মৌলভীবাজার-২) হিসেবে শপথ নেবেন সুলতান মোহাম্মদ মনসুর। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে সকাল ১১টায় সুলতানকে শপথ পাঠ করাবেন। শপথ নিয়ে আজই বিকালে সংসদের বৈঠকে যোগ দিতে পারেন সুলতান।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সিলেট-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান অনিবার্য কারণবশত আগামীকাল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।

তবে গণফোরামের মনোনয়নে এবং বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় নির্বাচিত সুলতান মনসুর আজ শপথ নিচ্ছেন জানিয়ে গতকাল ইত্তেফাককে বলেন, ‘মোকাব্বি খান শপথ নিচ্ছেন না, এটা তাদের পার্টির (গণফোরামের) ব্যাপার। আমি তো গণফোরাম করি না।’

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ইত্তেফাককে বলেছেন, ‘সুলতান মনসুর সাহেব গণফোরামের সদস্য এবং উনি গণফোরামের মনোনয়নেই এমপি হয়েছেন, এখন যদি উনি বলেন গণফোরামের কেউ নয় সেটা তো ঠিক নয়।’

ড. কামালের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সুলতান মনসুর ইত্তেফাককে বলেন, ‘এ ব্যাপারে আমি বিতর্কে যেতে চাই না। আমি জাতীয় ঐক্য প্রক্রিয়ার স্টিয়ারিং কমিটির সদস্য ছিলাম। যেহেতু নির্বাচন করার জন্য একটি নিবন্ধিত দলের মনোনয়ন নিতে হয়, সেজন্য আমি গণফোরামের মনোনয়ন নিয়েছি মাত্র, যাতে মনোনয়নপত্র বৈধ হয়। কিন্তু আমি তো কখনও গণফোরামে যোগদান করিনি।’ ‘আপনি তো ২০১৮ সালের ১১ নভেম্বর গণফোরামের সদস্য ফরম পূরণ করে দলের সদস্য হয়েছেন’- এই প্রশ্ন করা হলে সুলতান বলেন, ‘এ নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না।’