রাজধানীর কাকরাইলে ঈশাখাঁ হোটেলের সামনে বৃহস্পতিবার ভোরে বাসচাপায় দুই যুবক মারা গেছেন। তারা হলেন—নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল গ্রামের আফজাল শেখের ছেলে রুবেল শেখ (৩৫) ও একই এলাকার শেখ জামাল উদ্দিনের ছেলে আসিফ মিয়া (৩০)।
রুবেলের বড় ভাই হরুন শেখ জানান, তারা দুইজনেই মেঘনা তেলের লড়ি চালান। রুবেল সেটার চালক এবং আসিফ মিয়া হেলপার হিসেবে কাজ করতেন। রাতে তারা চুয়াডাঙ্গা থেকে গাবতলী নামেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাকে করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে কাকরাইল মোড়ে পৌঁছালে ইকোনো পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
এ সময় পথচারীরা ঘটনাস্থল থেকে সিএনজি চালকসহ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান। সেখানে চিকিত্সক রুবেল ও আসিফকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
সিএনজিচালক ঠান্ডু মিয়া (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
