চারদিনের ব্যক্তিগত সফর শেষে রংপুর থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার দুপুরে রংপুর থেকে তিনি ঢাকায় ফিরেন। হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এরশাদ রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে বেলা ১১টায় রওয়ানা দেন। এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। তাকে বিমানবন্দরে স্বাগত জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা মামুনুর রহমান, নজরুল ইসলাম সরদার প্রমুখ। বিমান বন্দর থেকে দুপুর পৌনে ১টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে ফিরেন এরশাদ। রংপুরে এরশাদ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তার এ সফরে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার ও এরশাদের ছেলে এরিক এরশাদ সঙ্গী ছিলেন।
