লালমনিরহাটের পাটগ্রামে জাল নোটসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাউরা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সাবেক ভারতীয় বাঁশকাটা ছিটমহলের বাসিন্দা মৃত নছর উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৪৮), একই উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে রাশেদ আলী ওরফে বাকেট (৪৫), জমগ্রাম এলাকার মৃত নছমুদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৮) ও একই এলাকার মৃত সোলেমান আলীর ছেলে রহিদার রহমান(৪৫)।
পুলিশ জানায়, উপজেলার বাউরা বাজারের বাবুল হোসেনের চায়ের দোকানে জাল রুপি কেনা-বেচাকালে পাটগ্রাম থানা পুলিশের একটি দল সেখানে হানা দিয়ে বাংলাদেশি ১ হাজার টাকার নোট ৩টি, ৫০০ টাকার জাল নোট ১টি, ভারতীয় ১ হাজার রুপির জাল নোট একটি ও ১০০ রুপির জাল একটিসহ চারজনকে গ্রেফতার করে। পাটগ্রাম থানার এএসআই পরিতোষ বাদী হয়ে ওই রাতেই তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
