কুমিল্লায় বাসের ধাক্কায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এক পুলিশ পরিদর্শক ইউনুস সরকার (৫০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার সাগুদা গ্রামে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল জানান, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পরিদর্শক ইউনুস সরকার বৃহস্পতিবার অফিসের কাজে বাসযোগে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। তাকে বহন করা বাসটি দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী রাহাত ফিলিং স্টেশনের কাছে এলে চাকা পাংচার হয়ে যায়। পরে ইউনুস সরকার বাস থেকে নেমে মহাসড়ক পেরিয়ে ফিলিং স্টেশনের দিকে যাওয়ার সময় স্টার লাইনের একটি বাস তাকে ধাক্কা দেয়।
তিনি জানান, এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
