নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারওয়েজের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজ চলছে বলে ইউএস বাংলার এক কর্মকর্তা জানিয়েছেন।
শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে রানওয়েতে অবতরণ করার কথা থাকলেও সকাল ৮টায় বিমানটি নামার সময় হঠাৎ করে রানওয়ে থেকে সরে গিয়ে বাইরে পড়ে। এতে সামনের চাকা দেবে যায়।
বিমানটি ৭৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সৈয়দপুরে আসে। এ ঘটনার পর ঢাকা থেকে হেলিকপ্টারে প্রকৌশলী আনা হয়। স্থানীয় সেনাবহিনী, বিমানবন্দর ফায়ার সার্ভিস ও এক্সপার্টরা যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এখন বিমান চলাচল বন্ধ রয়েছে।
ইউএস বাংলা বিমানের সৈয়দপুর ইনচার্জ রাকিব মুস্তাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ শেষ হতে এক থেকে ২ ঘণ্টা লাগতে পারে।
