ইউরোতে খেলার দ্বারপ্রান্তে গ্যারেথ বেলের ওয়েলস

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৩:২১
রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলের দারুণ এক গোলে সাইপ্রাসকে ১-০ গোলে হারিয়েছে ওয়েলস।  এই জয়ের পরে ইউরোর চূড়ান্ত পর্বে খেলার খুব কাছে রয়েছে ওয়েলস। এই জয়ের পরে ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরোতে খেলতে ওয়েলসের আর মাত্র তিনটি পয়েন্ট দরকার।
 
সাইপ্রাসের বিপক্ষে ওয়েলসের ম্যাচটি ৮২ মিনিট পর্যন্ত গোলশুণ্য ছিল। কিন্তু তারপরেই নেইল টেইলরের ক্রসে লাফিয়ে উঠে হেড করে ওয়েলসকে এগিয়ে দেন গ্যারেথ বেল। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ওয়েলসের এই জয়ে তারা প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার খুব কাছাকাছি রয়েছে। আর তিনটি পয়েন্ট হলে তাদের সেই স্বপ্ন পূরণ হবে।
ফুটবলের বড় টুর্নামেন্টে ওয়েলসের অংশগ্রহণ বলতে সেই ১৯৫৮ সালের বিশ্বকাপ, যেখানে কোয়ার্টার ফাইনালে পেলের এক গোলে ছিটকে গিয়েছিল তারা। এদিকে ইউরো বাছাইয়ের নিজেদের ম্যাচে মাল্টাকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারায় প্লে অফ খেলতে হতে পারে নেদারল্যান্ডকে।