রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বুধবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী টেক্সটেক মেলা চলছে। এই প্রদর্শনীর প্রায় ১ হাজার স্টলে পাওয়া যাচ্ছে তৈরি পোশাক শিল্পে দরকারি রং, সুতা, ফেব্রিকসহ ছোট-বড় মেশিন ও মেশিনারিজ। পণ্যের বিক্রি নিয়ে আশাবাদী ক্রেতা ও অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ, চীন, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৫টি দেশের ৬শ' প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পোশাক শিল্পে প্রতিযোগী দেশগুলোর সম্মেলিত এই আয়োজন ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
মেলায় অংশ নেয়া এক বিদেশি নারী বলেন, আমি ফেব্রিক নিয়ে এসেছি। দামের ব্যাপারে সাশ্রয়ী বলব না। ভালো কোয়ালিটির দাম বেশি তবে মাঝারি মান আর দামের পণ্যও রয়েছে।
আরেক বিদেশি অংশগ্রহণকারী বলেন, বাংলাদেশ পোশাক শিল্পে এগিয়ে যাচ্ছে। এখানে এই শিল্পে প্রয়োজনীয় ক্যামিকেলসের বড় বাজার রয়েছে। আর তা ধরার জন্যই আমরা এই মেলায় এসেছি।
এক বিদেশি নারী উদ্যোক্তা বলেন, আমি জানি এখানে পোশাক শিল্পের সব কিছু পাওয়া যাবে। তাই আমার প্রতিষ্ঠানে দরকারি মেশিনারিজের খোঁজে এসেছি। এক জায়গায় অনেক কিছু তাই দেখে নিতে পারব।
বাংলাদেশে ১৬তম বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। এই আন্তর্জাতিক মেলা অন্যান্যবারের চেয়ে সফল হবে বলে আশা করছেন আয়োজকরা।
সেমস গ্লোবালের ব্যবস্থাপক মো. শরিফ হুসাইন বলেন, টেক্সটেক হচ্ছে প্রধান। এছাড়া কেমিক্যাল ও ফেব্রিকও রয়েছে। এই তিনটি জিনিস একই ছাদের নিচে। আমরা খুব সাড়া পাচ্ছি।
