নাগেশ্বরীতে ফের বন্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪৩
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের পাহাড়ী ঢলে নাগেশ্বরীতে নতুন করে দেখা দিয়েছে বন্যা। পানির তীব্র স্রোতে ভেঙ্গে গেছে বেরুবাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কুমেদপুর সংযোগ সড়ক। পানি বন্দী হয়ে পড়েছে উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ।
 
পৌরসভাসহ ১৪ ইউনিয়ন কম বেশি প্লাবিত। সম্পূর্ণ তলিয়ে গেছে নুনখাওয়া, নারায়নপুর, কেদার, বল্লভেরখাস, কচাকাটা, কালীগঞ্জ, বেরুবাড়ী, বামনডাঙ্গা, রায়গঞ্জ, ভিতরবন্দ ও নাগেশ্বরী পৌরসভার কিছু অংশ। তলিয়ে গেছে স্কুল, কলেজ, ঘর বাড়ি, রাস্তাঘাট। কোথাও ঘরের চালা ছুই ছুই পানি। ভেসে গেছে সহস্রাধিক পুকুরের মাছ। 
 
বেড়েছে বানভাসিদের দুর্ভোগ। বাড়ি ছেড়ে পরিবার নিয়ে তারা আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উচু জায়গায়। কোথাও এ রকম কোনো সুযোগ না থাকায় অনেকেই পরিবার ও গবাদিপশু নিয়ে ভেলায় ভাসছে। রান্নার সুযোগ না থাকায় কাটাতে হচ্ছে অর্ধাহার বা উপোষে। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের সংকট।সেই সঙ্গে সংকট দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্যের।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, 'বন্যাদুর্গতদের সহায়তায় সরকারিভাবে ৩০মে টন চাল, উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ৫মে টন চাল ও ২লাখ টাকা দেয়া হয়েছে। কিছু শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, গ্যাসলাইট দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই আরও সাহায্যের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'