ফরিদপুরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫০


ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় নুর মোহাম্মদ মুন্সী (৩৫) নামের এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিল নালিয়া গ্রামে লুুৎফর মুন্সি বাদি হয়ে জমিজমা সংক্রান্ত সাত ধারার একটি মামলা করে ফরিদপুরের আদালতে। ওই মামলায় নূর মোহাম্মদ ও তার ভাই নুরুল ইসলামকে আসামি করা হয়। সম্প্রতি তাদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। গ্রেফতারী পরোয়ানা নিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।  
 
এদিকে নিহত নূর মোহাম্মদের মা অভিযোগ করেছেন, নগরকান্দা থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশ তার দুই ছেলে নুর মোহাম্মদ মুন্সী ও নুরুল ইসলাম মুন্সীকে (৩০) গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর, মামলার বাদি (লুৎফর মুন্সিও তার লোকজন) নূর মোহাম্মদের উপর নির্যাতন করে, এতেই তার মৃত্যু হয়।
 
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফসার উদ্দিন আসামীকে মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ গ্রেফতার করে নিয়ে আসার সময় পথিমধ্যে নুর মোহাম্মদ অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হাসপাতালের দ্বায়িত্বরত চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন আহমেদ জানান, রাতে দুইজনকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। এদের একজন মৃত অবস্থায় ছিল।

তিনি বলেন, নিহত নূর মোহাম্মদের নাকে ও মুখে ফেনা দেখা যায়।

নিহতের মা জানিয়েছে, রাতেই পুলিশ ফোন দিয়ে নূর মোহাম্মরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।