বাগেরহাটে যুবলীগ নেতা সোহাগ হত্যাকান্ডে ১০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০৩

শহরের বাসাবাটি এলাকায় বুধবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ (২২) নিহতের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তোজাম্মেল হক জানান, সোহাগের পিতা আব্দুল হাকিম শেখ শুক্রবার দুপুরে বাগেরহাট থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় নিহত সোহাগের দলীয় প্রতিপক্ষ শাওনসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনকে আসামী করা হয়েছে। আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আসামীদের নাম প্রকাশ করেননি।
উল্লেখ্য, বাগেরহাটে প্রতিপক্ষরা বুধবার রাতে সোহাগকে বাসষ্ট্যান্ড এলাকা থেকে ধরে এনে শহরের বাসাবাটি মন্দির এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহাগ বুধবার রাত ১০টার দিকে মারা যায়।