রামুতে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২৩
কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান চাপায় এক পোল্ট্রি খামার মালিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার উপজেলার তেচ্ছিপুল স্টেশনের পূর্বপার্শ্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত জেবুল হাকিম (৪৮) উপজেলার উত্তর ফতেখাঁরকুল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
 
এ খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েক শ লোক সড়কে ইটের ব্যারিকেট দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় প্রায় আধঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে সড়কে রাখা ইট সরিয়ে ফেলে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
 
নিহতের স্বজনেরা জানায়, ওই এলাকায় বিলে জমে থাকা পানিতে মাছ ধরছিল স্থানীয়রা। সেই মাছ কেনার জন্য গিয়েছিলেন জেবুল হাকিম। মাছ না পেয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান জেবুল হাকিম।
 
স্থানীয়রা জানায়, সড়কের পাশে ইটের স্তুপ থাকায় ফুটপাত ছেড়ে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছিলেন জেবুল হাকিম।