কংগ্রেস সভাপতি পদে মেয়াদ বাড়ছে সোনিয়ার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৪৯
 
কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর অভিষেক যে এখনই হচ্ছে না, তার ইঙ্গিত আগেই দলের নেতাদের তরফ থেকে এসেছিল। অথচ এ বছর ডিসেম্বরেই দলের সভাপতি পদে সোনিয়া গান্ধীর মেয়াদ শেষ হচ্ছে।  সাংগঠনিক নির্বাচন নিয়ে এই সংকট কাটাতে মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকে সভাপতি পদে সোনিয়া গান্ধীর মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার।
 
কংগ্রেস সূত্র জানায়—আপাতত ঠিক হয়েছে, দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে কংগ্রেস সভাপতি পদে সোনিয়ার মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হবে। ১৯৯৮ সালের ১৪ মার্চ কংগ্রেস সভানেত্রী পদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এর আগে কংগ্রেস সভাপতি পদের মেয়াদ ছিল তিন বছরের। সোনিয়া চারবার মেয়াদ পূর্ণ করার পর ২০১০ সালের ডিসেম্বরে কংগ্রেসের অধিবেশন ডেকে দলের সংবিধান সংশোধন করেন। তাতে সভানেত্রী পদের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হয়। সেই অনুযায়ী ডিসেম্বরে কংগ্রেস সভানেত্রী পদে সোনিয়ার পঞ্চম মেয়াদ (টানা ১৭ বছর) শেষ হওয়ার কথা।
 
তবে আর একটি সূত্র জানায়—ফের কংগ্রেসের সংবিধান সংশোধন করে সভাপতি পদের মেয়াদ কমিয়ে তিন বছর করা হচ্ছে। এছাড়াও কংগ্রেসে দ্বৈত সদস্যপদের ব্যবস্থাও চালু করা হচ্ছে। অর্থাত্ মহিলা কংগ্রেস, দলের শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠনের সদস্যরাও সর্বভারতীয় কংগ্রেসের সদস্য পদ পাবেন। একই সঙ্গে দলের সংগঠনে মহিলা এবং তফসিলি জাতি ও উপজাতিদের জন্য ৫০ শতাংশ পদ সংরক্ষিতও করা হবে।