জেলার মানিকছড়ির মলঙ্গিপাড়ার চৈক্কাবিল এলাকায় পাহাড়িদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে (সাড়ে ৫টায়) এই হামলার ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, ইতিপূর্বে দুর্বৃত্তদের হামলায় নিহত আব্দুল মতিনের ছেলে ও স্বজনরাই এই হামলা চালিয়েছে। তারা কয়েকটি বাড়ি ভাংচুর করে। এই ঘটনায় অন্তত ৪ জন পাহাড়িকে আহত অবস্থায় উদ্বার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ম্রাসা মারমা (৬৫), রাংচাই মারমা (৪৫), ক্যায়চাই মারমা (১৮) ও রেদা মারমা (১৫)।
ঘটনার আকস্মিকতায় চইক্কাবিল ও আশপাশ এলাকার পাহাড়িরা নিরাপদ আশ্রয়ে ছুটে যান। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল রাব্বি আহসান মলঙ্গিপাড়ায় স্থানীয়দের নিয়ে শান্তি বৈঠক করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে একই এলাকার আব্দুল মতিনকে (৬০) অজ্ঞাত দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রিপ্রুচাই মারমা (৪৫) ও উচামং মারমা (৩৭) নামে ২ জনকে আটক করেছিল।
