সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা।
সৈয়দ মহসিন আলীর শারীরিক অবস্থা সম্পর্কে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান—কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থ। তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে তাকে বারডেমে ভর্তি করা হয়। দুপুরের দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার নিয়মিত চিকিত্সা চলছে।
তিনি আরো জানান, ‘বর্তমানে মন্ত্রীর অবস্থা স্থিতিশীল। নিউমোনিয়ার কারণে শ্বাসকষ্ট হওয়ায় তাকে অক্সিজেন দেয়া হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন—চিন্তার কিছু নেই। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তিনি কখন ছাড়া পাবেন সে বিষয়ে চিকিত্সকরা কিছু বলেননি।’
এর আগে একবার বাইপাস সার্জারি হয়েছিলেন সৈয়দ মহসিন আলীর। এছাড়া ডায়াবেটিসের সমস্যায় দুই বেলা ইনসুলিন নিতে হয় মন্ত্রীকে।
