গাজীপুরে অপহূত ব্যাংক কর্মকর্তা উদ্ধার আটক দুই

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০০:৩৩

গাজীপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়বাড়ি শাখার কর্মকর্তা জামাল উদ্দিনকে (২৭) অপহরণের ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে গাছা থানার পুলিশ। গত মঙ্গলবার রাত দুইটার দিকে তাকে গাছা থানার ফকির মার্কেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকার মমতাজ আলীর ছেলে মহসিন সুমন, চান্দুরা এলাকার মোন্তাজ আলীর ছেলে মো. আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।

গাছা থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়বাড়ি আউটলেট শাঁখার কর্মকর্তা জামাল উদ্দিন ব্যাংকের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে বড়বাড়ি মসজিদ রোডে এসে পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা অপহরণকারীরা জামাল উদ্দিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারীরা অজ্ঞাত স্থান থেকে ওই ব্যাংকের সিনিয়র অফিসারদের নিকট মোবাইল ফোনের মাধ্যমে প্রথমে বিশ হাজার টাকা এবং পরবর্তীতে আবার দুই লক্ষ টাকা দাবি করে। অন্যথায় জামাল উদ্দিনকে খুন করা হবে বলে হুমকি প্রদান করতে থাকে। উক্ত ব্যাংকের আউটলেট শাখার সার্ভিস অফিসার মো. রাজীব সরকার বাদী হয়ে রাতেই গাছা থানায় অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই গাছা থানার পুলিশ ফকির মার্কেট এলাকা থেকে অপহূত জামাল উদ্দিনকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে হাতে নাতে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।