রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে হাবিবুর রহমান (৬৭) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাব-১০। গত মঙ্গলবার এ অভিযানে প্রথমে তার কাছে পাওয়া যায় ৭ হাজার ২০০ পিস ইয়াবা। পরে জানা যায়, আরও চার হাজার পিস ইয়াবা তিনি পেটের ভেতর বহন করছেন। বিশেষ ব্যবস্থায় সেগুলোও বের করে আনা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাইয়ুমুজ্জামান খান জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে মুক্তি ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার থেকে আসা একটি বাস থামানো হয়। এ সময় বাসটির যাত্রী হাবিবুর রহমানকে ৭ হাজার ২০০ পিস ইয়াবা, নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। এরপর জানা যায়, তিনি ইয়াবা বহনের নিরাপদ উপায় হিসেবে পলিথিনে মোড়ানো ইয়াবার ছোট ছোট প্যাকেট খেয়ে ফেলেছেন। ঢাকায় এসে সেগুলো বের করার কথা ছিল। পরে তার পেটে থাকা ইয়াবার প্যাকেটগুলোও বিশেষ কায়দায় বের করে আনা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা একে পারিবারিক আয়ের উত্স হিসেবে বেছে নিয়েছেন। তিনি কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। এর আগে ২৯ জানুয়ারি তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূ কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা আনার সময় র্যাবের হাতে গ্রেফতার হয়। এ ঘটনায় কদমতলী থানায় মামলা হয়েছে।
