মোজাফ্ফর আহমেদ নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার ঘটনায় চারজন আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
শুক্রবার রাতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামু রশিদনগর পূর্ব খাদেমের পাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. আব্দুল হামিদ (২৩), খুটাখালী মেধাকচ্ছপিয়া শান্তিবাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. তৌহিদ (২০), চকরিয়া বদরখালী সাতগলিয়া পাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে মামুনুর রশিদ মামুন (২২) ও রশিদনগর পূর্ব খাদেমের পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জসিম উদ্দিন (২১)।
মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গত ১৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার ডায়াবেটিস পয়েন্ট এলাকা থেকে পুলিশ ইজিবাইক (টমটম) চালক মোজাফ্ফর আহমেদের গলাকাটা লাশ উদ্ধার করে। মোজাফ্ফর আহমেদ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী এলাকার জহির আহমেদের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এরপর পুলিশ কৌশলে প্রেমের ফাঁদ পেতে ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করে দুইদিন আগে। ওই যুবকের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ঘটনায় জড়িত আরো তিনজনকে গ্রেফতার করে। এ সময় ছিনতাইকৃত ইজিবাইকের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
টমটম চালক মোজাফ্ফরকে জবাই করে হত্যার ঘটনা গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন। টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজাফ্ফরকে তারা গলাকেটে হত্যা করে বলে তদন্তকারী কর্মকর্তা জানান।
