ভেনিজুয়েলায় জার্মান রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং এক মার্কিন সাংবাদিককে আটক করেছে প্রেসিডেন্ট মাদুরোর সরকার। গতকাল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে জার্মান রাষ্ট্রদূত ড্যানিয়েল ক্রিয়েনারকে বহিষ্কার করার কথা জানায় মাদুরো সরকার। ৪৮ ঘন্টার মধ্যে তাকে ভেনিজুয়েলা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের
জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয়ও রাষ্ট্রদূতকে বহিষ্কারের কথা স্বীকার করেছে। ড্যানিয়েলকে বহিষ্কারের বিশেষ কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে জানা গেছে, গত সোমবার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে বিমানবন্দরে স্বাগত জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ভেনিজুয়েলার ন্যাশনাল প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন টুইটার বার্তায় জানিয়েছে, মার্কিন সাংবাদিক কোডি ওডেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি টেলিভিশন চ্যানেলের হয়ে কাজ করতেন। প্রতারণার অভিযোগে তাকে গোয়েন্দারা আটক করেছে বলে জানা গেছে। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন হুঁশিয়ারি দিয়েছেন, যেসব বিদেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মাদুরো সরকার কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট কারো সঙ্গে লেনদেন করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র।
