নিজেই পোশাক ডিজাইন করেন মোদী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৯
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোশাকের স্টাইলের প্রতি অনেকেরই আকর্ষণ রয়েছে। অনেকেই হয়তো ভেবে থাকেন তার নিজস্ব ডিজাইনার তার জন্য পোশাক নির্মাণ করে থাকেন। কিন্তু মজার ব্যাপার হলেও সত্যি যে, মোদীর নিজস্ব কোনো ফ্যাশন ডিজাইনার নেই। তিনি নিজেই নিজের পোশাক ডিজাইন করে থাকেন।
 
টিচারস ডে উপলক্ষে শুক্রবার স্কুলের শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে নরেন্দ্র মোদী বলেন, আমার নিজের ফ্যাশন ডিজাইনার আছে এটি একেবারেই গুজব। আমি একেবারেই সাধারণ পোশাক পরি।
 
নিজের ছোট হাতার কুর্তার বিষয়ে মোদী বলেন, আমার নিজের এলাকা গুজরাটের আবহাওয়া তেমন ঠান্ডা নয়। তাই আমি কুর্তা ও পায়জামা পরতাম। আমি নিজেই আমার কাপড় পরিষ্কার করতাম। ফুল হাতা হওয়াতে আমাকে বেশি করে কাপড় ধুতে হতো। তাই আমি কুর্তার হাতা কেটে ছোট করে নেই। এটা আমার কাজকে সহজ করে দেয়। এমনকি ব্যাগে বহন করতেও এটি কম জায়গা নেয়।  তাই আমি ছোট হাতার কুর্তা পরা শুরু করি।
 
মোদির পোশাকের স্টাইল বরাবরই মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে, বিশেষ করে তার কুর্তার কারণে। আহমেদাবাদের জেড ব্লু নামের একটি ফ্যাশন হাউজ দাবি করেছিল তারাই মোদির কুর্তার জনক। তবে সেই দাবি এবার মিথ্যা প্রমাণিত হলো।
 
কুর্তার স্টাইল ছাড়াও মোদি কাপড় কিভাবে ইস্ত্রি করতেন সে সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, কাপড় ইস্ত্রি করার মতো অর্থ আমার কাছে ছিল না। তাই একটি লোটার মধ্যে কয়লা ভরে কাপড় ইস্ত্রি করার কাজ করতাম।
 
স্কুলজীবনে কিভাবে সাদা জুতা পরতেন জানাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ক্লাসের বোর্ডে যে সাদা চক ব্যবহার করা হতো সেটি জুতায় ঘষে সাদা করতাম। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস।