নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ১১-১২ সেপ্টেম্বর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১২:১৪
নিউইয়র্কে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন স্মরণে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এ উৎসবের আয়োজন করেছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।
 
দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের প্রথম দিন মঙ্গল প্রদীপ জ্বেলে মহানায়িকাকে স্মরণ করবেন সুচিত্রা ভক্ত ও সুধীজনেরা। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, একুশে পদক প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, চলচ্চিত্রকার ও লেখক কবীর আনোয়ার, অভিনেত্রী রেখা আহমেদ, নাট্য নির্দেশক ও অভিনেত্রী রওশন আরা হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে।
 
চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেনের ‘পথে হলো দেরী’, ‘দ্বীপ জ্বেলে যাই’, ‘সাড়ে চুয়াত্তর’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা দেখানো হবে বলে জানিয়েছেন সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ’র কর্মকর্তা গোপাল স্যানাল।
 
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের আয়োজনকে স্বাগত জানিয়ে চলচ্চিত্রকার ও লেখক কবীর আনোয়ার বলেন, বাঙালি পুরুষের স্বপ্নকন্যা সুচিত্রা সেনকে যথাযথ মূল্যায়ন করা হবে। প্রচণ্ড ব্যক্তিত্বসম্পন্ন ও আধুুনিক সুন্দরী সুচিত্রা আজও অপ্রতিদ্বন্দ্বী। সুচিত্রা সেনকে বাংলার মানচিত্র পেরিয়ে নিউইয়র্কে  স্মরণ করাটা অবশ্যই গর্বের বিষয়।
 
উল্লেখ্য, সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ’র কর্মকর্তা গোপাল স্যানাল এরআগে বেশ কয়েকবার পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের আয়োজন করেন। সেই উৎসবে সিনেমা জগতের সারা জাগানো নায়করাজ রাজ্জাক, কবরী, শাবানা, রোজিনা, সুভাষ দত্ত, ফারুক, প্রবীর মিত্রসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।