আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মুসলমানদের পাশাপাশি এই দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের লোকজন সব সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে উদযাপন করতে পারছেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মওলানা ভাসানী ডিগ্রি কলেজ মোড়ে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ৭১’র মুক্তিযুদ্ধে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে স্বাধীনতা এনে দিয়েছে। এখনও সব ধর্ম-বর্ণের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অঙ্কুরজিৎ সাহা নব’র সভাপত্বিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত পৌর মেয়র সেলিম আহম্মেদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, সন্তোষ কুমার কানু প্রমুখ।
