নিউইয়র্কে ৩ দিনব্যাপী ফোবানা সম্মেলন শুরু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৪৩


‘হৃদয়ে আকাশ, প্রবাসে বাঙালী' -এই স্লোগানকে সামনে রেখে নিউইয়র্কের ইয়র্ক কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন।

স্থানীয় সময় শুক্রবার বিপুলসংখ্যক বাংলাদেশির উপস্থিতিতে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রখ্যাত সমাজকর্মী ডা. কালি প্রদীপ চৌধুরী।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপেদষ্টা ড. নীনা আহমেদ, কংগ্রেসওম্যান গ্রেস মেং, ফোবানার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ  কে আব্দুল মোমেন, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট লেটিশিয়া জেমস, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটস, নিউইয়র্ক স্টেট সিনেটর লি রয় কমরি, যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, টাইটেল স্পন্সর উৎসব ডটকমের সিইও রায়হান জামান, এটর্নি আফফার বকস্, ফোবানার চেয়ারম্যান ডিউক খান, কো-কনভেনর আব্দুল কাদির চৌধুরী শাহীন প্রমুখ।

 

IMG0

অনুষ্ঠানে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশ এবং বাঙালী সংস্কৃতি জাগ্রত রাখার পাশাপাশি প্রবাসের অভিজ্ঞতায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বিক কল্যাণে সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে ৪৫টি সংগঠনের সহস্রাধিক সংগঠক ছাড়াও সম্মেলনে অংশগ্রহণ করছেন দুই শতাধিক শিল্পী, কবি, সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী, শিক্ষাবিদ এবং নতুন প্রজন্মের মেধাবীরা।