রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে সামরিক অভিযানে তাদের অংশ নেয়ার ব্যাপারে আলোচনার সময় এখনো আসেনি।
পুতিনের বরাত দিয়ে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নভোস্তির খবরে বলা হয়, ‘এ বিষয় নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। আলোচনার সময় না আসলেও আমরা এখন এক্ষেত্রে কিছু করতে প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যে সামরিক সরঞ্জামাদি ও সৈন্যদের প্রশিক্ষণ দিয়ে সিরিয়াকে সহযোগিতা করছি।’
পুতিন আইএসের ওপর মার্কিন বিমান হামলাকে অকার্যকর হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করেন। তিনি বলেন, এখনো পর্যন্ত আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এসব বিমান হামলা খুব একটা কার্যকর হয়নি।
পুতিন বলেন, পাঁচ থেকে সাত বছর আগে করা চুক্তি মোতাবেক সিরিয়াকে সামরিক সরঞ্জামাদি সরবরাহ করা হচ্ছে।
এদিকে হোয়াইট হাউস বৃহস্পতিবার জানায়, সিরিয়ায় রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে এমন খবর ওয়াশিংটন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে এ ধরণের অভিযানের খবর সঠিক হলে এ অঞ্চলকে তা আরো অস্থিতিশীল করে তুলবে।
