নাটোরের সিংড়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় সোহান ও রফিকুল (১৬) কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবি ভ্রাম্যমান আদালতে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত সোহান উপজেলার হাতিয়ান্দহ গ্রামের মোজাম্মেল ও রফিকুল একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, দীর্ঘদিন ধরে হাতিয়ান্দহ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল তারা। উত্যক্তের পরিমাণ বেড়ে যাওয়ায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সিংড়া থানায় লিখিত অভিযোগ করা হয়। পরে শুক্রবার সকালে সিংড়া থানা পুলিশ হাতিয়ান্দহ বাজার থেকে ওই দুই ইভটিজারকে আটক করে। তবে আরেক উত্যক্তকারী সুমন পলাতক রয়েছে।
