নতুন মন্ত্রিসভায় শরীকদের স্থান না দেওয়ার বিষয়ে সাবেক তথ্যমন্ত্রী, জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মহাজোট ১৪ দলের ঐক্যের শক্তিতে বিজয়ী হওয়ার পর ঐক্যকে কার্যকর রাখতে পারেনি। পরাজিত শক্তির পুনরুত্থান বন্ধে ঐক্যের কোনো বিকল্প নেই। সুতরাং ঐক্য নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। মহাজোটে ১৪ দলকে অবহেলা করা হবে আত্মঘাতী। গতকাল বুধবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাসদ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনকে অমীমাংসিত করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তারা একাদশ সংসদ নির্বাচনকে বিতর্কিত হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপির যারা ৩০ ডিসেম্বর নির্বাচনকে অমীমাংসিত করতে চাইছে, রাজনৈতিক সংশয় আর বিভান্তি সৃষ্টি করতে চাইছে, তারা নতুন করে ষড়যন্ত্রের বিষ বাংলার মাটিতে বপন করতে চাইছে।
‘মুনা’কে সংসদে আনায়
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
‘বাকের ভাইয়ের’
বাংলাদেশ টেলিভিশনে ১৯৯৩ সালে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’। সে নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তার চরিত্রের নাম ছিল বাকের ভাই। নাটকটিতে বাকের ভাইয়ের নায়িকা মুনা চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। সংরক্ষিত নারী আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য হয়েছে সুবর্ণা মুস্তাফা। গতকাল আসাদুজ্জামান নূর সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় স্মৃতিকাতর হয়ে পড়েন। নাটকের নিঃসঙ্গ মুনাকে সংসদে নিয়ে আসায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
