যশোর হত্যাকাণ্ডের ২০ বছর

শহীদদের স্মরণ করল উদীচী

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০০:৪২

যশোর হত্যাকাণ্ড দিবসের দুই দশক পূর্ণ হলো গতকাল। দিনটি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। কর্মসূচিতে ওই ঘটনায় নিহতদের স্মরণে এবং হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

গতকাল বিকালে তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানী, উদীচীর সহ-সভাপতি হাবিবুল আলম, প্রবীর সরদার, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, অমিত রঞ্জন দে, ইকবালুল হক খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীতা ইমাম। আলোচনার পর অনুষ্ঠিত হয় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল দলীয় ও একক সংগীত এবং আবৃত্তি পরিবেশনা।