সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণ: ৪ শ্রমিক আহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪৭
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শীপব্রেকিং ইয়ার্ডে সিগারেটের আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক আহত হয়েছেন।
 
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় বড় কুমিরাস্থ শীতল এন্টারপ্রাইজ শিপ ইয়ার্ডে এক শ্রমিক সিগারেটের আগুন অসাবধানতাবশত নিচে ফেলে। এ সময় আগুনের ফুলকিতে সিলিন্ডার বিস্ফোরণে ঘটে। এতে ঘটনাস্থলে খুলনা জেলার দিঘলীয়া উপজেলার হাশেম শেখের ছেলে নাদিম (২৫), একই উপজেলার আবদুল হাই শেখের ছেলে আলামীন (২৪), হাসেমের ছেলে শাহাজাহান (২৭) ও কুড়িগ্রাম জেলার রুমারী উপজেলার মো. মতিউর রহমানের ছেলে মোকছেদুল (২২) আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে দুর্ঘটনাস্থলে কুমিরা ফায়ার সার্ভিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভুমি) মো. মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
সীতাকুণ্ড থানার এএসপি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার তদন্তে শিপব্রেকিং ইয়ার্ডে পুলিশ পাঠানো হয়।’
 
ইয়ার্ডের মালিক দিদারুল ইসলাম জানান, তাদেরকে উন্নত চিকিৎসা দেয়া হবে। সুস্থ না হওয়া পর্যন্ত তাদের বেতন অব্যাহত থাকবে।