হবিগঞ্জে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত কিশোর রাহুলকে গাজীপুরের টঙ্গি শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শনিবার দুপুর দুইটার দিকে শিশু আদালতের বিচারক মো. আতাবুল্লাহ পুলিশ ফরওয়ার্ড এর ভিত্তিতে তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় অভিযুক্ত রুহুল আমিন রাহুলের (১৬) বাবা-মা বা কোন স্বজন আদালতে উপস্থিত ছিলেন না। অপরদিকে জেলা সমাজ সেবা অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিরাপত্তাজনিত কারণে রাহুলকে তার জিম্মায় নিতে রাজি হননি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করে ফেসবুকে এর ভিডিও প্রকাশ করে রাহুল। পরদিন শুক্রবার তাকে গ্রেফতার করার জন্য শহরে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করে। ওইদিন দুপুর সোয়া একটায় জেলা সদর উপজেলার রিচি গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে । রাহুলের বাড়ি বানিয়াচঙ্গ থানার বড়ইউড়ি গ্রামে। সে শহরের রাজনগরে মামার বাসায় থাকতো। সে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র।
