নতুন বেতন কমিশন অবিলম্বে বাস্তবায়ন, ৬ সদস্য বিশিষ্ট একটি পরিবারের জন্য সর্বনিম্ন মূল বেতন ১৮ হাজার টাকা নির্ধারণ, সচিবালয়ের সাথে সারা দেশের কর্মচারীদের সমকাজে সমবেতন ও সমপদমর্যাদা প্রদান এবং আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীতে আয়োজিত শোভাযাত্রা শেষে কর্মচারী সমাবেশে এসব দাবি জানানো হয়।
ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এ দাবি উপস্থাপন করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ-এর সম্পাদক ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মেদ।
জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসানও এসময় উপস্থিত ছিলেন।
পরে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মচারী সমাবেশে অন্যরা বক্তব্য দেন।
